আগামী সপ্তাহেই বাংলাদেশিদের জন্য ভিসা চালু করছে ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:২৯
আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে যাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং ইতিবাচক মানসিকতা থাকলে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে।
হুমায়ুন কবির জানান, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। তিনি মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো ইতিবাচক হবে।
গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় ভিসা চালুর বিষয়টি গুরুত্ব পায় এবং ভারত এ বিষয়ে সম্মতি জানায়।
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা দীর্ঘদিন ধরেই চালু ছিল, তবে ব্যবসায়িক ভিসা চালুর বিষয়টি নতুন মাত্রা যোগ করবে। এতে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম আরো সহজ হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে।” তিনি আরো উল্লেখ করেন, আলোচনায় বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
logo-1-1740906910.png)