শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা; ১০ কোটি টাকার ব্যবসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৭
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক পর্যটন মেলায় তিন দিনে প্রায় ৮-১০ কোটি টাকার ব্যবসা হয়েছে। ২১তম বারের মতো আয়োজিত এ মেলায় বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মোট ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। সব মিলিয়ে ৮০টির বেশি বুথে পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, বিমান সংস্থা ও হোটেল-রিসোর্ট তাদের সেবা প্রদর্শন করে।
মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় সব প্রতিষ্ঠানের বুথেই কর্মকর্তারা ব্যস্ত সময় কাটান। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ‘পে ফর ওয়ান অ্যান্ড থ্রি নাইটস’ অফার দেয়, যেখানে ওয়াটার পার্ক ও রাইড ফ্রি ছিল। রুমভেদে এসব প্যাকেজের দাম ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়।
কক্সবাজারের লং বিচ হোটেল রুম ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। ছাড়ের পর দুজনের জন্য রুম ভাড়া দাঁড়ায় ৪ হাজার ৩০০ টাকা থেকে ৮ হাজার ১০০ টাকা। তবে গত বছরের তুলনায় বুকিং কিছুটা কম হয়েছে বলে জানান হোটেলের বিক্রয় ও বিপণন প্রধান মো. ইমরান হুমায়ন খান।
বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা তিন দিন ও দুই রাতের জন্য কক্সবাজারের বিভিন্ন হোটেল ও রিসোর্টে থাকার সঙ্গে বিমানের টিকিট অফার করে। এসব প্যাকেজের মূল্য জনপ্রতি ১৩ হাজার ৫০০ টাকা থেকে ১৬ হাজার ৬৫০ টাকা। ইউএস বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫ শতাংশ ও আন্তর্জাতিক ফ্লাইটে ১২ শতাংশ ছাড় দেয়। প্রতিষ্ঠানটির জনসংযোগ মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, মেলায় আশানুরূপ সাড়া পাওয়া গেছে এবং নতুন রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনায় দিকনির্দেশনা মিলেছে।
২০১২ সালে যাত্রা শুরু করা ছুটি গ্রুপও মেলায় অংশ নেয়। বর্তমানে তাদের চারটি রিসোর্ট চালু রয়েছে এবং আরো পাঁচটি রিসোর্ট তৈরির কাজ চলছে। মেলায় তারা ৫-১৪ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ অফার করে, যেখানে সব ধরনের বিনিয়োগে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
গোল্ড স্যান্ডস গ্রুপ তাদের হোটেল, রিসোর্ট, ভবন ও জমিসহ আটটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেয়। এসব প্রকল্পে ৬ লাখ টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাইফুল আলম জানান, মেলায় মোট ৭৫টি ইউনিটে বিনিয়োগ হয়েছে।
logo-1-1740906910.png)