Logo
×

Follow Us

বাংলাদেশ

১৭ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৬

১৭ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৭ এপ্রিল রাতে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এ তথ্য দেন।

ধর্মমন্ত্রী বলেন, এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজি ক্যাম্প পরিদর্শন করতে পারেন। তিনি আরো জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭২ হাজার ৩৪৪ জন।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এবার হজযাত্রায় টিকিট প্রতি ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই এবার ৭৮ হাজারের বেশি হাজি পরিবহন করা হচ্ছে।

Logo