মালয়েশিয়া আবারো বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলতে যাচ্ছে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর উভয় দেশ স্বচ্ছ ও কম খরচে নিয়োগ প্রক্রিয়া চালুর বিষয়ে একমত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি মালয়েশিয়া সফর করেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জন্য বাজার পুনরায় খোলার বিষয়ে আলোচনা হয় এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
আলোচনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং শ্রমিকদের খরচ কমানোর বিষয়টি গুরুত্ব পায়। মাহদি আমিন জানান, মালয়েশিয়া একটি বিশেষ পরিকল্পনা নিয়েছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ করা হবে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে এবং খরচ কমবে।
বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের বিদেশে পাঠানোর মূল লক্ষ্য হলো স্বচ্ছ প্রক্রিয়া ও কম খরচে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা। এ বিষয়ে উভয় দেশের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে।
মাহদি আমিন এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যৌথ বিবৃতিতে শ্রমবাজার পুনরায় খোলার পাশাপাশি স্বচ্ছতা ও খরচ কমানোর বিষয়ে উভয় দেশের অবস্থান স্পষ্টভাবে উঠে এসেছে।
logo-1-1740906910.png)