Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন সূচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৫

ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন সূচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সম্পর্ক গড়ার শুভ সূচনা হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের। তিনি বলেছেন, এ সম্পর্কে অগ্রাধিকার পাবে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক। বিএনপি ভারতের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

গত ৭ এপ্রিল শুভেচ্ছা সফরে ভারত যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। দিল্লি সফর শেষে তারা মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেন।

হুমায়ুন কবির দিল্লিতে বিজেপির বৈদেশিকবিষয়ক দুই নেতা বিজয় চৌথালিয়া ও শিশির বাজোরিয়ার সঙ্গে আলাদা বৈঠক করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিজেপি সভাপতি নীতিন নবীনকে একটি চিঠি পৌঁছে দেন। চিঠিতে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, তাদের দিল্লি সফর ভারত-বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ার সূচনা করেছে। তিনি দাবি করেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার যুগ শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগ এখন কার্যত অস্তিত্বহীন।

ভারতের মন্ত্রী ও বিজেপি নেতাদের সঙ্গে আলোচনাকে তিনি গঠনমূলক ও ইতিবাচক বলে উল্লেখ করেন। তার মতে, এই আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়বে।

বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে যে উদ্যোগ নিয়েছে, তা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করবে বলে কূটনৈতিক মহল মনে করছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে নতুন মাত্রা যোগ হতে পারে।

Logo