Logo
×

Follow Us

বাংলাদেশ

ইরান যুদ্ধে এখন পর্যন্ত সাত বাংলাদেশি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:১১

ইরান যুদ্ধে এখন পর্যন্ত সাত বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। ৯ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ গ্রহণের সময় এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।  

প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর পর থেকে সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শাহ আলমের মরদেহ আজ দেশে আনা হলো। নিহত সাতজনের মধ্যে এটি দেশে আনা পঞ্চম মরদেহ। একজনকে ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং আরেকজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।  

মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।  

শাহ আলম ভূঁইয়া বৈধ কর্মী ছিলেন। এ কারণে তার পরিবারকে সরকার থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে ইন্স্যুরেন্স না থাকায় ১০ লাখ টাকার অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না। জাতিসংঘের সার্টিফিকেশন প্রক্রিয়া শেষে এই সহায়তা হস্তান্তর করা হবে।  

তাৎক্ষণিক সহায়তা হিসেবে মরদেহ পরিবহন ও দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং ইরান সংকটজনিত বিশেষ অনুদান হিসেবে ৫০০ ডলার সমমূল্যের অর্থ ইতোমধ্যে পরিবারের হাতে দেওয়া হয়েছে।  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সরকার নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করছে।

এ সময় প্রতিমন্ত্রী জানান, কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ চায় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে, ডিপ্লোমেসির মাধ্যমে সে সমস্যার সমাধান হোক।’

কিরগিজিস্তানে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে।’ 

Logo