Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস দিল্লির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৮

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস দিল্লির

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। ৮ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আশ্বাস দেন।  

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার বেশি সময় আলোচনা করেন। তারা প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পাশাপাশি একান্তে কিছু সময় কথা বলেন। জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে ভারত সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত চিকিৎসা ভিসা চালু করা হবে।  

বৈঠকের পর জয়শঙ্কর এক্সে লিখেছেন, “ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে আমরা একমত পোষণ করেছি।” ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার প্রস্তাবগুলো পর্যালোচনা করেছে। শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।  

এছাড়া গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঢাকার কাছে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছে বৈঠকে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দিল্লিতে আলোচনায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলো।  

বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়কমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। তিনি ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। হরদীপ পুরী জানান, ভারত সরকার বিষয়টি দ্রুত ও ইতিবাচকভাবে বিবেচনা করবে।  

আলোচনায় উভয় পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলোয় নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হন। এর আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

Logo