Logo
×

Follow Us

ভিসা তথ্য

বাংলাদেশিদের ভিসা দিতে সতর্ক পশ্চিমা ১৩টি দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২৩:১৯

বাংলাদেশিদের ভিসা দিতে সতর্ক পশ্চিমা ১৩টি দেশ

দূতাবাস থেকে ভিসা ও কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। তারা আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছে এবং অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে ভিসা সেবা নেওয়া থেকে বিরত থাকতে বলেছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস ও হাইকমিশন ৮ এপ্রিল তাদের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করলে গুরুতর সমস্যায় পড়তে হবে। এতে ভিসাপ্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং আইনি জটিলতা তৈরি হতে পারে।

বিবৃতিতে আরো স্পষ্ট করা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাই ভিসাপ্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করতে আবেদনকারীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদনের প্রক্রিয়া নিশ্চিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কূটনৈতিক মহল মনে করছে, এই যৌথ বিবৃতি বাংলাদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কারণ অনেক সময় ভিসা প্রক্রিয়ায় প্রতারণার শিকার হয়ে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। পশ্চিমা দেশগুলোর এই উদ্যোগ ভিসা প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে সহায়ক হবে।

Logo