Logo
×

Follow Us

বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২৩:১৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা

ছবি - এআই দিয়ে বানানো

গত মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ঈদের দীর্ঘ ছুটির কারণে বাংলাদেশের অর্থনীতির গতি কমেছে। উৎপাদন খাত সংকোচন ধারায় চলে যাওয়ার পাশাপাশি কৃষি ব্যবসা খাতের গতি কমে যাওয়ায় সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়েছে।  

পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচক অনুযায়ী মার্চ মাসে অর্থনীতির মান ২ দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৫। ফেব্রুয়ারিতে এই মান ছিল ৫৫ দশমিক ৭ এবং জানুয়ারিতে ৫৩ দশমিক ৯। সূচকটি শূন্য থেকে ১০০-এর মধ্যে পরিমাপ করা হয়। মান ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়।  

এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে প্রতি মাসে এই সূচক প্রকাশ করে। কৃষি ব্যবসা, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতের ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে সূচক তৈরি হয়। এতে কাঁচামাল ক্রয়, পণ্যের ক্রয়াদেশ, কর্মসংস্থানসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।  

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, “গত মাসের পিএমআই সূচকগুলো ইঙ্গিত করছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হচ্ছে। উৎপাদন খাতের মন্দা, দীর্ঘ ছুটি এবং মধ্যপ্রাচ্যের সংকট বৈশ্বিক চাহিদায় অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের ঝুঁকি তৈরি হয়েছে।” তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে অর্থনীতি আরো ঝুঁকির মুখে পড়তে পারে।  

জরিপে অংশ নেওয়া উদ্যোক্তারা জানিয়েছেন, দেশের প্রধান অর্থনৈতিক খাতগুলোতে ব্যবসায়িক পরিবেশ মিশ্র অবস্থায় রয়েছে। রমজান ও ঈদ সামনে রেখে মৌসুমি চাহিদা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচামাল, শ্রম, পরিবহন ও ইউটিলিটি ব্যয় বৃদ্ধির কারণে মুনাফার ওপর চাপ বাড়ছে।  

উৎপাদন ও নির্মাণ খাতে ক্রয়াদেশ কমেছে। বিনিয়োগকারীরা নতুন সিদ্ধান্ত নিতে সতর্ক অবস্থান নিয়েছেন। রাজনৈতিক ও বৈশ্বিক অনিশ্চয়তাও ব্যবসায়িক আস্থাকে প্রভাবিত করছে। তবে উদ্যোক্তারা আশা করছেন, সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে আগামী মাসগুলোতে ব্যবসায়িক পরিবেশ ধীরে ধীরে উন্নতি হতে পারে।  

সেবা ও খুচরা খাতে উৎসবকালীন চাহিদার কারণে বিক্রি বাড়ার প্রত্যাশা থাকলেও, অধিকাংশ প্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধির কারণে লাভজনক অবস্থায় পৌঁছাতে পারছে না।  

অর্থনীতিবিদরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। বিশেষ করে রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যে চাপ তৈরি হচ্ছে। ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

Logo