Logo
×

Follow Us

বাংলাদেশ

১৭৬ দেশে কাজ করছেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩

১৭৬ দেশে কাজ করছেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশি

১৭৬ দেশে দেড় কোটি বাংলাদেশি কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসীদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ এবং ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

সংসদে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে প্রায় ১ কোটি ৫০ লক্ষাধিক বাংলাদেশি কর্মরত আছেন। তিনি বলেন, অতীতের সরকার প্রবাসীদের কল্যাণকে অবহেলা করলেও বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের সুরক্ষা ও কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছে।  

মন্ত্রী জানান, ২৭টি দেশে বাংলাদেশ মিশনের অধীনে ৩০টি শ্রম কল্যাণ উইং কার্যক্রম পরিচালনা করছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রতি অর্থবছরে অর্থ বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্টও দেওয়া হচ্ছে। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের ক্ষতিপূরণ আদায় এবং আইনগত সহায়তা প্রদানের জন্য ১১টি মিশনে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দূতাবাস ও হাইকমিশন থেকে ট্রাভেল পাশের ব্যবস্থা, জেলখানা ও ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক কর্মীদের মুক্তির ব্যবস্থা করা হচ্ছে।

দেশের তিনটি প্রধান বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে। প্রবাস থেকে আগত কর্মীদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং দাফন ও পরিবহন খরচ বাবদ তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। আহত বা অসুস্থ কর্মীদের পরিবহনের জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে সেবা দিচ্ছে। গুরুতর আহত বা অসুস্থ হয়ে দেশে ফেরত আসা কর্মীদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসা সহায়তার সর্বোচ্চ পরিমাণ বর্তমান সরকারের সময়ে ২ লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগে ছিল ১ লাখ টাকা।  

প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য এইচএসসি ও গ্রাজুয়েশন পর্যায়ে শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী সন্তানদের মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।  

মন্ত্রী আরো জানান, রেইস প্রকল্পের মাধ্যমে ২ লাখ ৫৩ হাজার বিদেশ ফেরত কর্মীকে পুনঃএকত্রীকরণ ও পুনর্বাসনের পাশাপাশি আয়বর্ধক প্রশিক্ষণ, রেফারেল এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

সরকারের এসব উদ্যোগ প্রবাসী কর্মীদের সুরক্ষা, পুনর্বাসন এবং পরিবারের আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যা দেশের অর্থনীতি ও সমাজে তাদের অবদানকে আরো মূল্যায়ন করবে।

Logo