মালয়েশিয়ায় সিন্ডিকেট করে কর্মী পাঠাবে না বাংলাদেশ সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অতীতের মতো সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট পদ্ধতিতে সরকার আর আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন, যোগ্য ও লাইসেন্সধারী সকল এজেন্সির জন্য এই শ্রমবাজার উন্মুক্ত রাখা হবে।
৫ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন রাখেন। তিনি জানতে চান, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল, বর্তমান সরকার কি আবারো নির্দিষ্ট সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে নাকি যোগ্য সবার জন্য বাজার উন্মুক্ত রাখবে।
জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার অতীতের মতো সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট পদ্ধতিতে কর্মী পাঠাতে আগ্রহী নয়। বরং স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতার মাধ্যমে বৈধ লাইসেন্সধারী সব এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখা হবে।
মন্ত্রী আরো জানান, এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। সরকারের উদ্দেশ্য হলো শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, যাতে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না ঘটে।
অতীতে সিন্ডিকেট পদ্ধতিতে সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর কারণে ব্যাপক সমালোচনা হয়েছিল। বর্তমান সরকার সেই পদ্ধতি থেকে সরে এসে যোগ্য ও লাইসেন্সধারী সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে। এতে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরো স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)