Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে কূটনৈতিক তৎপরতায় সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৮

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে কূটনৈতিক তৎপরতায় সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা দেখা দিয়েছে। এ অবস্থায় তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ৪ এপ্রিল ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনের মরদেহ দেশে এসেছে। তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধারা যাতে প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন, সে জন্য সরকার সব সময় সতর্ক ও সক্রিয় রয়েছে।

শামা ওবায়েদ বলেন, বিএনপি দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এতে প্রভাবিত হচ্ছেন প্রবাসীরা। যুদ্ধের কারণে দেশের অর্থনীতি ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার দিনরাত কাজ করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রে দাম ৫০ শতাংশ বেড়েছে, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতে দাম প্রচুর বেড়েছে। কিন্তু বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়েনি, যা সরকারের সফলতা।

তিনি বলেন, জনগণকে দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে জ্বালানির দাম কিছুটা সমন্বয় করতে হতে পারে, তবে সেটি জনগণকে নিরাপদ জায়গায় রেখে করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে প্রথম শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার দায়িত্বে থাকাকালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল। এ কারণে যুদ্ধকালেও ইরানসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে মর্যাদা দিচ্ছে। তিনি দাবি করেন, প্রবাসীরা এসব দেশে সুরক্ষিত আছেন এবং তেল-গ্যাস সরবরাহে কোনো সংকট হচ্ছে না।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানকার অবস্থা করুণ। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল নেই। মানদণ্ডের দিক দিয়ে এটি কোনো পর্যায়ে পড়ে না।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo