Logo
×

Follow Us

বাংলাদেশ

থার্ড টার্মিনাল

জাপান কনসোর্টিয়ামকে দায়িত্ব দিতে চায় সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২৩:৫৯

জাপান কনসোর্টিয়ামকে দায়িত্ব দিতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার। দেশের স্বার্থ ঠিক রেখে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে মন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু হবে। এ ক্ষেত্রে ওপেন টেন্ডারের প্রয়োজন নেই। তবে আরো আলোচনার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পর ২০২৪ সালে পুরোপুরি চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কিন্তু অপারেটর নিয়োগ ব্যর্থতায় প্রায় তিন বছর ধরে ২২ হাজার কোটি টাকার প্রকল্পটি অবহেলায় পড়ে আছে।

আগে ১৫ বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়। বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে।

আগামী ৬ এপ্রিল তৃতীয় টার্মিনাল নিয়ে আবারো দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকার জানিয়েছে, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।


Logo