মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২৩:৫৮
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন মালয়েশিয়া সফরে যাচ্ছেন। আগামী ৮ এপ্রিল তাদের সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সফরে মালয়েশিয়ার সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহার এবং নতুন করে শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এতে প্রায় ১৮ হাজার কর্মী শেষ মুহূর্তে যেতে পারেননি। তাদের জমা দেওয়া প্রায় ৮০০ কোটি টাকার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যায়। সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো অর্থ ফেরতের দাবি করলেও অনেক কর্মী অভিযোগ করেছেন, তারা সম্পূর্ণ টাকা পাননি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ পুনরায় চালু করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে। একই সঙ্গে আটকে থাকা কর্মীদের ক্ষতিপূরণ ও অর্থ ফেরতের বিষয়েও আলোচনা হতে পারে।
কর্মী প্রেরণ বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বড় বাজার। তাই এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)