Logo
×

Follow Us

বাংলাদেশ

মানব পাচার প্রতিরোধে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০০:০৮

মানব পাচার প্রতিরোধে বিমানবন্দরে কড়া নিরাপত্তা

মানব পাচার প্রতিরোধে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী চক্রকে ধরতে এবং বিমানবন্দরকেন্দ্রিক মানব পাচার নেটওয়ার্ক ভেঙে দিতে একাধিক সংস্থা সমন্বিতভাবে বিশেষ অভিযান শুরু করেছে।  

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লিবিয়া থেকে নৌকায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২১ বাংলাদেশির মৃত্যুতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর পর থেকেই বিমানবন্দরকেন্দ্রিক সব সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানিয়েছেন, মানব পাচার প্রতিরোধে নিয়মিত কাজ করা হলেও বর্তমানে গোয়েন্দা সংস্থা বিশেষ তৎপরতা শুরু করেছে। তারা কারা এই চক্রে জড়িত, তা খতিয়ে দেখছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রমণ ভিসার আড়ালে মানব পাচার করে একাধিক চক্র। তারা ইমিগ্রেশনকে ম্যানেজ করে তরুণদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। অনেক সময় মুক্তিপণ আদায় করে, কেউ কেউ প্রাণে বাঁচলেও সর্বস্বান্ত হয়ে পরিবারকে পথে বসতে হয়।

অভিযোগ রয়েছে, বিমানবন্দরে কর্মরত কিছু কর্মকর্তা এই চক্রে জড়িত। প্রতিজনকে পার করাতে ৩০ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। ভুক্তভোগীরা কর্মকর্তাদের নাম জানেন না বলে মামলায় অন্তর্ভুক্ত করতে পারেন না।  

সাম্প্রতিক মৃত্যুর ঘটনার পর সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মানব পাচার প্রতিরোধে কঠোর নির্দেশনা দেওয়ার পর আইনপ্রয়োগকারী সংস্থা বিশেষ অভিযান শুরু করেছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরকে ঘিরে জাল বিছানো হয়েছে। অভিযুক্ত কয়েকজনকে নজরদারিতে আনা হয়েছে। কারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে; সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ভ্রমণ ভিসার মাধ্যমে মানব পাচার বন্ধে কড়া নজরদারি চলছে।  

গোয়েন্দারা বলছেন, মানব পাচার প্রতিরোধে এবার অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় কঠোর। সরকারের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরকেন্দ্রিক মানব পাচার নেটওয়ার্ক ভেঙে দিতে সর্বাত্মক চেষ্টা চলছে।

Logo