Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে সৌদি সরকারকে অনুরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪১

বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে সৌদি সরকারকে অনুরোধ

সৌদি আরবে জনশক্তি রপ্তানি বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষতা স্বীকৃতি, ভাষা প্রশিক্ষণ এবং কারিগরি সহযোগিতা বাড়লে বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি শ্রমবাজারে আরো সুযোগ সৃষ্টি হবে। সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের ফাঁকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি আরবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজপরিবারের প্রতি শুভেচ্ছা জানান এবং মধ্যপ্রাচ্যে উদ্ভূত সংকটকালে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও সহায়তার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

সৌদি উপমন্ত্রী বৈঠকে বাংলাদেশ স্থায়ী মিশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রস্তাব দেন, বাংলাদেশের কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সৌদি আরবের তত্ত্বাবধানে ঢেলে সাজানো হোক এবং অভিবাসন প্রত্যাশী কর্মীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ দেওয়া হোক। এতে সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যোগ্যতার স্বীকৃতি প্রদানে সুবিধা হবে।

বৈঠকে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের শ্রমক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Logo