বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করবে ভারত: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:০৯
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় এবং বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জনগণের সম্পর্ক এবং চিকিৎসার জন্য মেডিকেল ভিসা সহজীকরণে ভারত ইতিবাচক অবস্থান নিয়েছে। দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ভিসা আগের অবস্থায় ফিরিয়ে আনবে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হবে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো বাড়বে।
জ্বালানি তেলের সংকট নিয়ে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে নিয়মিত স্থানগুলো থেকে তেল সংগ্রহে সমস্যা হচ্ছে। ফলে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের কাজ করছে সরকার। এপ্রিল মাসে সৌদি আরব, ইন্দোনেশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে তেল আসবে। মালয়েশিয়ার সঙ্গে ইতোমধ্যেই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সমঝোতাও হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির বিষয়ে তিনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর যেখান থেকে সহজে তেল পাওয়া যাবে, সেখান থেকেই আনা হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন, কারণ দেশটির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
মানব পাচার বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকরা যেন বৈধভাবে বিদেশে যেতে পারে, সেটাই সরকারের লক্ষ্য। তবে অসাধু চক্র মানব পাচারের মাধ্যমে মানুষের জীবন নিয়ে খেলা করছে। তিনি বলেন, লিবিয়াসহ বিভিন্ন দেশে বৈধভাবে লোক যাবে, কিন্তু মানব পাচারকারীদের ধরতে হবে এবং তাদের কার্যক্রম বন্ধ করতে হবে।
logo-1-1740906910.png)