Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশগামীদের প্রশিক্ষণে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:০৮

বিদেশগামীদের প্রশিক্ষণে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার

বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নের লক্ষ্যে চালু হয়েছে ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ কর্মসূচি। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন। বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বিদেশে ভাষাশিক্ষা বা বিশেষ কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তাদের সহজ শর্তে এই ঋণ দেওয়া হবে। ঋণের সুবিধার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি প্রদান, বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণ এবং বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিগামী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ।  

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে এবং তাকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে। আবেদন করার সময় যে দেশে যেতে চান, সেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত অফার লেটার এবং ন্যূনতম ভাষাশিক্ষার সনদ জমা দিতে হবে। যেমন জাপানের জন্য এন-৫ এবং দক্ষিণ কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩ সনদ আবশ্যক। এছাড়া আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জামিনদার সংক্রান্ত নথি জমা দিতে হবে।  

ঋণের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ এবং মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। অন্যান্য ফি ও চার্জ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।  

প্রবাসী কল্যাণ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বিদেশগামী কর্মীরা ভাষা ও কারিগরি দক্ষতা অর্জন করে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন। এতে প্রবাসে কর্মসংস্থানের প্রতিযোগিতায় বাংলাদেশি কর্মীরা আরো এগিয়ে থাকবে।  

আগ্রহী ব্যক্তিদের নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া হেল্পলাইন নম্বর ১৬২৩৮ অথবা ব্যাংকের ওয়েবসাইট www.pkb.gov.bd থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।

Logo