বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সৌদি আরবের মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্থানীয় সময় সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের মন্ত্রীরা হজ ও ওমরাহ বিষয়ক সেবা ও সহযোগিতা জোরদারে ঐকমত্যে পৌঁছান। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সেবায় নতুন গতি সঞ্চার হবে বলেও আশা প্রকাশ করা হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় অসাধারণ অগ্রগতি সাধন করেছে। প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের ফলে হজ ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকর হয়েছে। এজন্য তিনি সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-ওমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে।
বৈঠকে যোগদানের জন্য ধর্মমন্ত্রী কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পৌঁছালে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে স্বাগত জানায়। বৈঠকে বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি মন্ত্রীর হাতে তুলে দেন ধর্মমন্ত্রী। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে একটি সৌজন্য উপহার প্রদান করেন তিনি। সৌদি মন্ত্রীও পাল্টা শুভেচ্ছা উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরবে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে যোগদানের জন্য অবস্থান করছেন। বৈঠকটি দুই দেশের ধর্মীয় সহযোগিতা ও হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)