Logo
×

Follow Us

বাংলাদেশ

অস্ট্রেলিয়া-ইউরোপের জাল ভিসা চক্র; কোটি টাকার প্রতারণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৫

অস্ট্রেলিয়া-ইউরোপের জাল ভিসা চক্র; কোটি টাকার প্রতারণা

অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে মানব পাচারকারী একটি চক্র। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে র‌্যাব-৪ চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। নিজস্ব প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, চক্রটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের নামে প্রতারণা চালাত। তারা ‘এসআরএস ইন্টারন্যাশনাল বিডি’ নাম ব্যবহার করে অস্ট্রেলিয়া ও ইউরোপে বৈধভাবে লোক পাঠানোর দাবি করত। চাকরির প্রলোভন দেখিয়ে তারা ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করত।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাকিউর রহমান ওরফে সুমন (৩৭) এবং কোরবান আলী (৩০)। তাদের কাছ থেকে জাল ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ নথি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, চক্রটি ১৩ জনের কাছ থেকে মোট ১ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এক ভুক্তভোগীর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অভিযুক্তরা তাকে অস্ট্রেলিয়ায় চাকরির প্রস্তাব দেয় ২০ লাখ টাকার বিনিময়ে। সরল বিশ্বাসে ভুক্তভোগী বিভিন্ন সময় নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। পরে তাকে ‘Australia Group’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয় এবং ‘ভিএফএস গ্লোবাল’ নামে একটি অফিসে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ কিছু নথি দেওয়া হয়।

কিন্তু প্রতিশ্রুত ভিসা ও টিকিট কখনোই দেওয়া হয়নি। বরং বারবার তারিখ পরিবর্তন করে ভুক্তভোগীকে ঘোরানো হয়। একপর্যায়ে প্লেনের টিকিট বাবদ আরো টাকা দাবি করা হয়। নিরুপায় হয়ে তিনি বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা দেন। এরপরও প্রতারণা চলতে থাকে। অবশেষে ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, চক্রটি ঢাকার বাইরে থেকেও লোকজনকে আকৃষ্ট করত। তারা নানা অফার দিয়ে মানুষকে প্রলুব্ধ করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার ও প্রতারণার মামলা প্রক্রিয়াধীন।

Logo