Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার দাবিতে মানববন্ধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৪:০৬

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার দাবিতে মানববন্ধন

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে “বায়রা সিন্ডিকেটবিরোধী ঐক্য ফ্রন্ট”। রোববার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে অনিয়ম, দুর্নীতি ও অরাজকতার মাধ্যমে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠে, যার কারণে সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলো বঞ্চিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ওই সিন্ডিকেটের অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায় তারা সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নিজাম হাজারী, বেনজীর আহমেদ, লোটাস কামাল, কালা ফিরোজ, মনসুর কালাম, কাজী মফিজ, রুহুল আমিন স্বপন, দাতো আমিনসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরো দাবি করেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যেন আর কোনো ধরনের সিন্ডিকেটকে প্রশ্রয় না দেওয়া হয়। বিশ্বের অন্যান্য শ্রম রপ্তানিকারক দেশের মতো বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত ব্যবস্থা চালু করতে হবে, যাতে প্রবাসগামী কর্মীরা কম খরচে বিদেশে যেতে পারেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব এম এ সালাম, কাজী শাখাওয়াত হোসেন লিন্টু, মফিজ উদ্দীন, আকবার হোসেন মঞ্জু, মোহাম্মদ ফখরুল ইসলাম, মাহবুবুল করিম সিদ্দিকী জাফর, এনামুল হকসহ বায়রার বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা।

Logo