বিমানবন্দরে ছদ্মবেশী প্রতারক চক্র; প্রবাসীরা সাবধান!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দর্শনার্থীর ছদ্মবেশে যাত্রীদের ফাঁদে ফেলছিল একটি প্রতারক চক্র। তারা প্যান্টের নিচে লুকিয়ে রাখা পলিথিন বের করে মুহূর্তেই যাত্রীদের ব্যাগ মুড়িয়ে দিত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করত। ঢাকা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে এ ধরনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
২৮ মার্চ সন্ধ্যায় এপিবিএনের সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিমানবন্দরের প্রবেশপথসংলগ্ন গোলচত্বরের বাইরে অবস্থান করে যাত্রীদের টার্গেট করতেন। যাত্রী দেখলেই তারা ব্যাগ র্যাপিংয়ের প্রস্তাব দিতেন এবং দ্রুত পলিথিন দিয়ে ব্যাগ মুড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করতেন।
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এপিবিএন বিশেষ অভিযান শুরু করে। ফেব্রুয়ারি মাসে ২১ জন এবং মার্চ মাসে আরো ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন।
এপিবিএন জানায়, বিমানবন্দরের বহির্গমন কনকোর্স এলাকায় নির্ধারিত মূল্যে ব্যাগ র্যাপিংয়ের জন্য আধুনিক মেশিন স্থাপন করা রয়েছে। যাত্রীদের এসব নির্ধারিত সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রতারকদের অভিনব কৌশল অনেক যাত্রীকে বিভ্রান্ত করেছে। তারা দ্রুত ব্যাগ মুড়িয়ে ফেলায় অনেকেই ভেবেছেন এটি অনুমোদিত সেবা। পরে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হয়েছেন।
এপিবিএন জানিয়েছে, যাত্রীদের হয়রানি ও প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও সেবার মান উন্নত করতে নিয়মিত নজরদারি চালানো হবে।
logo-1-1740906910.png)