তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৭
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। ২৪ মার্চ ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।
সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিশেষভাবে বিমান পরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাওয়া হয়। জবাবে হাইকমিশনার সারাহ কুক বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বাংলাদেশের আঞ্চলিক বিমান হাব হওয়ার আকাঙ্ক্ষায় যুক্তরাজ্যের সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বর্তমানে দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। এটি চালু হলে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা, কার্গো হ্যান্ডলিং এবং বিমান পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে।
এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের অংশগ্রহণের আগ্রহকে বাংলাদেশ সরকার ইতিবাচকভাবে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে উভয় পক্ষই বিমান খাতে প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা এবং সেবার মান বৃদ্ধিতে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিমানবন্দর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অংশীদারিত্বের ফলে বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান এবং দক্ষ জনবল তৈরির সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
logo-1-1740906910.png)