দেশে আটকা পড়া বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৫৮
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে এসে আটকা পড়া বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গালফ এয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে বাংলাদেশে দুটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।
প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ ঢাকা থেকে ছেড়ে সৌদি আরবের দাম্মাম হয়ে বাহরাইনে পৌঁছাবে। একই দিনে ফ্লাইটটি আবার বাহরাইন থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরবে। দ্বিতীয় ফ্লাইটটি ৩ এপ্রিল একই রুটে পরিচালিত হবে।
বাহরাইন দূতাবাস জানিয়েছে, এই বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে আগ্রহীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে। যাত্রী সংখ্যা পূর্ণ হলে পরবর্তী করণীয় সম্পর্কে দূতাবাস থেকে আপডেট দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে বাংলাদেশে যাতায়াতের জন্য এই বিশেষ ফ্লাইটগুলো পরিচালিত হবে দূতাবাসের সমন্বয়ে। যাত্রীদের সুবিধার্থে দাম্মাম হয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)