মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৫০২ কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৫৫
চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ২ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা।
২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো আয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে এ বছর একই সময়ের তুলনায় ১৯ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকা।
গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০২ কোটি বা ৩ দশমিক ২ বিলিয়ন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এ বছর রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৯ দশমিক ৭০ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপে কর্মসংস্থানের সুযোগ বাড়ায় রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা ও সহজীকরণ নীতির কারণে প্রবাসীরা আনুষ্ঠানিক পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন।
logo-1-1740906910.png)