Logo
×

Follow Us

বাংলাদেশ

ঈদের আগে দেশে ফিরলেন ১৮৬ জন প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১৫

ঈদের আগে দেশে ফিরলেন ১৮৬ জন প্রবাসী

ঈদের আগের দিন রাতে ১৮৬ জন প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়। ২৩ মার্চ দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।  

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সেখানে অবস্থানরত অনেক বাংলাদেশি জীবনের ঝুঁকিতে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। তবে সবাই ফেরত আসতে চাইছেন না। যারা থেকে যাচ্ছেন, তাদের নিরাপত্তার বিষয়েও সরকার সচেষ্ট রয়েছে।  

শামা ওবায়েদ বলেন, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে তাদের নিরাপত্তা।”  

প্রতিমন্ত্রী আরো জানান, প্রবাসীরা বিভিন্ন চাকরি ও কাজে যুক্ত রয়েছেন। যারা ফেরত আসতে চান, তাদেরকে সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে আনা হবে। যতগুলো ফ্লাইটই লাগুক না কেন, সরকার সেই ব্যবস্থা করবে। আর যারা থেকে যাচ্ছেন, তারা যেন নিরাপদে থাকতে পারেন, সে বিষয়েও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।  

তিনি বলেন, ফেরত আসার সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের যুদ্ধ পরিস্থিতির ওপর। কেউ কেউ মনে করছেন তারা কাজ চালিয়ে যেতে পারবেন, আবার যাদের জীবনের ঝুঁকি রয়েছে তারা দেশে ফিরতে চাইছেন। সরকার উভয় ক্ষেত্রেই দায়িত্ব পালন করছে, যাদের ফেরত আসার প্রয়োজন তাদের ফিরিয়ে আনা হচ্ছে, আর যারা থেকে যাচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Logo