বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১৩
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। তারা জানিয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা এবং সরকারি কল্যাণ সুবিধার ওপর অতিরিক্ত চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৩ মার্চ এক বার্তায় দূতাবাস জানায়, অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন, সেটি নিশ্চিত করাই তাদের দায়িত্ব। এ কারণেই বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বার্তায় আরো বলা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই বিবেচনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত ২১ জানুয়ারি থেকে স্থগিতাদেশ কার্যকর হয়েছে। এর ফলে অভিবাসন সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া ও নীতিমালার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
তবে মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে, এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক বা শিক্ষার্থী ভিসার মতো অনভিবাসী ভিসা এর আওতায় পড়ছে না। অর্থাৎ যারা পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যেতে চান, তাদের ক্ষেত্রে কোনো তাৎক্ষণিক প্রভাব পড়বে না।
সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাওয়ার প্রক্রিয়ায় সাময়িক জটিলতা তৈরি হলেও শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করদাতাদের স্বার্থ রক্ষা এবং অভিবাসন নীতির পুনর্মূল্যায়নই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
logo-1-1740906910.png)