Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ২৩:৫৩

দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশ-বিদেশে বসবাসকারী সকল বাংলাদেশি এবং বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক ঘরে ঘরে।  

রাষ্ট্রপতি প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন বাংলাদেশ, মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উন্নতি নিশ্চিত করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগাবে।  

তার ভাষ্য অনুযায়ী, শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে ঈদের তাৎপর্য অপরিসীম। অনেক ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সূচনা হয়েছে। এখন একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অভিযাত্রায় দেশ এগিয়ে চলেছে।  

রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধানতম ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। রোজার মাধ্যমে মুসলমানরা অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করে। ঈদের দিনে ধনী-গরিব সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়।

তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের অভিঘাত বাংলাদেশের ওপরও পড়েছে। তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে।

Logo