মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধে এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা ইরানে থেকে যেতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আর যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, ইরান থেকে কিছু বাংলাদেশিকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি চার্টার্ড ফ্লাইটে প্রবাসীদের ফিরিয়ে আনা হয়েছে। বাকু হয়ে আরো কয়েক ধাপে বাংলাদেশিদের দেশে ফেরানো হবে।
গত বছর জুন মাসেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এবারো একইভাবে ধাপে ধাপে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে।
logo-1-1740906910.png)