Logo
×

Follow Us

বাংলাদেশ

ঈদেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২২:৪৪

ঈদেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।  

১৮ মার্চ জারি করা অফিস আদেশে জানানো হয়, ১০ মার্চ থেকে স্থাপিত এই নিয়ন্ত্রণ কক্ষ আগামী ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহের সাতদিন কার্যক্রম চালাবে। সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।  

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন। প্রবাসীদের জন্য টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে; দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।  

নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।  

অফিস আদেশে আরো বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেবেন।  

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসীদের সহায়তা জোরদার করতে সরকার এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে, যাতে জরুরি প্রয়োজন, তথ্য সহায়তা এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। 

Logo