Logo
×

Follow Us

বাংলাদেশ

মধ্যপ্রাচ্য সংকটে রেমিট্যান্স কমার আশঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২২:৪৩

মধ্যপ্রাচ্য সংকটে রেমিট্যান্স কমার আশঙ্কা

জুলাই আন্দোলনের পর প্রবাসী আয়ে যে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, তা নিকট ভবিষ্যতে বহাল থাকবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। তবে এ ধারা কতটা স্থায়ী হবে, তা নির্ভর করছে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত প্রশমনের ওপর।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী আয় কমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই শ্রমবাজারের বৈচিত্র্যকরণ এবং ভূরাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

প্রতিবেদনে দেখা যায়, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উত্থান হয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। চলতি মার্চের প্রথম ১৪ দিনে এসেছে ২২০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এর ফলে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.২৯ বিলিয়ন ডলার।  

তবে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘাতের কারণে নতুন করে শ্রমিকরা মধ্যপ্রাচ্যে যেতে পারছেন না। বিমান চলাচল বন্ধ থাকায় অভিবাসন কমে গেছে। ফলে ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।  

বাংলাদেশ ব্যাংক মনে করছে, সংঘাত দ্রুত শেষ হলে প্রভাব সীমিত থাকবে। কিন্তু দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য থেকে আসা আয় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, যা বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ সৃষ্টি করবে।  

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে উপসাগরীয় দেশগুলো থেকে এসেছে ৪০৮ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের ৪৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন থেকে এসেছে ১৭০ কোটি ডলার (১৯.৬১ শতাংশ) এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এসেছে ১৩৫ কোটি ডলার (১৫.৬০ শতাংশ)।  

প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের পতন হয়েছে। আগের বছরের একই সময়ে যেখানে ১৫৭ কোটি ডলার এসেছিল, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬৫ কোটি ডলার। অর্থাৎ ৫৮ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।  

গত পাঁচ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৫২ লাখ মানুষ বিদেশে গেছেন। ২০২৫ সালে একাই ১১ লাখের বেশি কর্মী বিদেশে গেছেন। এই বিশাল কর্মীবাহিনী রেমিট্যান্স প্রবাহকে স্থিতিশীল রাখতে সহায়তা করছে।

Logo