Logo
×

Follow Us

বাংলাদেশ

মানব পাচার রুখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:১৮

মানব পাচার রুখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ শুধু সাধারণ মানুষকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং হুন্ডি ও অর্থ পাচারসহ নানা আনুষঙ্গিক অপরাধের মাধ্যমে রাষ্ট্রকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এই অপরাধ চক্র ভাঙতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহ আলম।  

১৬ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সাংবাদিকদের জন্য আয়োজিত এক দক্ষতা উন্নয়ন কর্মশালায় তিনি এ কথা বলেন। অস্ট্রেলিয়ান সরকার ও ব্র্যাকের বাস্তবায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় ক্র্যাবের সাথে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান মানব পাচার, মানব চোরাচালান ও অনিয়মিত অভিবাসনের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, বিদেশে যাওয়ার সময় অনেক বাংলাদেশি শ্রমিক দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন এবং জীবন ঝুঁকিতে ফেলছেন। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিষয়গুলো আরো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে হবে।  

আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান অভিবাসন ও মানব পাচারের মতো স্পর্শকাতর বিষয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে সংবেদনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন সাংবাদিককে সংবাদের গভীরে গিয়ে পাচারকারীদের নেটওয়ার্ক উন্মোচন করতে হবে।  

কর্মশালায় ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়ক হারুন অর রশীদ বক্তব্য রাখেন। তারা সাংবাদিক ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।  

উক্ত কর্মশালায় দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত ক্র্যাবের ৬৫ জন সদস্য সাংবাদিক অংশগ্রহণ করেন। তারা পাচার প্রতিরোধে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।  

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

Logo