Logo
×

Follow Us

বাংলাদেশ

ভারতে পাচারের শিকার সাত বাংলাদেশি ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৭

ভারতে পাচারের শিকার সাত বাংলাদেশি ফেরত

ভারতে পাচারের শিকার সাত বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। ১৪ মার্চ বিকেলে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ট্রাভেল পারমিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয় এই সাতজনকে।  

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জনকে এবং মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করেছে।  

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন বরিশালের হিজলা উপজেলার জেসমিন আক্তার, পটুয়াখালীর আরমান হোসাইন, পঞ্চগড়ের রুপা ইসলাম, গোপালগঞ্জের জিতেন্দ্র বড়াই, যশোরের আব্দুল্লা আলী, বরিশালের রাজু হালদার এবং পটুয়াখালীর আবু তাহের।  

মানবাধিকার সংগঠনের কর্মকর্তা রেখা বিশ্বাস জানান, দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। উদ্দেশ্য ছিল অন্য দেশে যাওয়ার সুযোগ পাওয়া। কিন্তু কলকাতায় অবস্থানকালে পুলিশ তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম জেলে পাঠানো হয়। প্রায় দুই বছর সাজাভোগের পর মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রক্রিয়ায় তাদের মুক্তি দেওয়া হয়।  

মুক্তির পর তাদের কলকাতার একটি শেল্টার হোমে রাখা হয়েছিল। অবশেষে দেশে ফেরার অনুমতি পেয়ে তারা বাংলাদেশে ফিরে এসেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Logo