হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন আশার কথা জানিয়েছে সরকার। ১৩ মার্চ সকালে রাজধানীতে জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং শিগগিরই ভালো ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
একই বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, জাপানের সঙ্গে কাজের জটিলতা কাটাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামনে আরো বৈঠকের মাধ্যমে বাকি সমস্যাগুলোও সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা-সংক্রান্ত চুক্তিতে কয়েকটি চার্জ ও অন্যান্য বিষয় নিয়ে জটিলতা ছিল। এসব নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে। বাংলাদেশ তার প্রস্তাব দিয়েছে, জাপানও তাদের মতামত তুলে ধরেছে। আলোচনায় উভয়পক্ষ এমন একটি সমাধানের দিকে যেতে চায়, যা বাংলাদেশের জন্য সর্বোত্তম হবে।
তিনি আরো বলেন, আগের কিছু চুক্তিতে যে সীমাবদ্ধতা ছিল, সেগুলো সংশোধন করে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করতে সরকার কাজ করছে। জাপানের পক্ষ থেকে বাংলাদেশের দেওয়া প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত সংশোধিত প্রস্তাব দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই প্রস্তাব পাওয়ার পর আবারো আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
logo-1-1740906910.png)