ঈদ সামনে রেখে প্রবাসী আয় বাড়াতে কৃষি ব্যাংক চালু করেছে বিশেষ প্রচারণা- ‘কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব’। ৪০ দিনের এই কার্যক্রমে গ্রাহকদের জন্য থাকছে মোটরসাইকেল ও স্মার্টফোনসহ নানা পুরস্কার।
ব্যাংক সূত্র জানায়, দেশের সব বিভাগীয় কার্যালয়ে তিনটি করে পুরস্কার দেওয়া হবে। আর সব শাখা মিলিয়ে দেওয়া হবে আরো ১১টি পুরস্কার। এর মধ্যে মেগা পুরস্কার হিসেবে থাকছে একটি ১৫০ সিসির মোটরসাইকেল। সব মিলিয়ে ৩৮ জন গ্রাহক পুরস্কৃত হবেন।
এই উৎসবে অংশ নিতে হলে কৃষি ব্যাংকের গ্রাহক হতে হবে। প্রবাসী আয় সরাসরি স্পট ক্যাশে গ্রহণ করলে বা গ্রাহকের কৃষি ব্যাংক অ্যাকাউন্টে জমা হলে লটারির মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ থাকবে। নির্দিষ্ট কোনো অর্থ পাঠানোর শর্ত নেই। লটারি অনুষ্ঠিত হবে ৩১ মার্চ বা পরবর্তী সুবিধাজনক দিনে।
পুরস্কারের মধ্যে রয়েছে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন, ফ্রিজ, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য। বিভাগীয় কার্যালয়ভিত্তিক ২৭ জন গ্রাহক স্মার্টফোন পাবেন। আর দেশের সব শাখা থেকে নির্বাচিত ১১ জন গ্রাহক পাবেন মোটরসাইকেলসহ অন্যান্য পুরস্কার।
কৃষি ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসেই তারা প্রবাসী আয়ের লক্ষ্যমাত্রার ১৭১ শতাংশ অর্জন করেছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক প্রবাসী আয় আহরণে প্রথম স্থানে রয়েছে এবং দেশের সব ব্যাংকের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে।
ব্যাংকের মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রতি বছর দুই ঈদ সামনে রেখে নানা উপহার নিয়ে রেমিট্যান্স উৎসব আয়োজন করা হয়। এতে বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে গ্রাহকরা উৎসাহিত হন এবং পরিবারের জন্য ঈদের আনন্দ বাড়ে। তিনি আশা প্রকাশ করেন, রমজান ও ঈদুল ফিতরের সময় প্রবাসী আয় আরো বাড়বে।
logo-1-1740906910.png)