বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ মার্চ রাতে দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও বাচ্চু মিয়া (৪৩)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, নিয়োগপত্র, সরকারি লোগোসংবলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল, স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ নামের দোকান থেকে প্রতারণার কার্যক্রম পরিচালনা করছিলেন তারা। চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছিল তাদের মূল কাজ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে নকল নিয়োগপত্র তৈরি করতেন। এসব নথি ব্যবহার করে তারা সাধারণ মানুষকে প্রতারিত করতেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, এই ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)