Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি বিতরণ পুনরায় চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:২৬

প্রবাসীদের এনআইডি বিতরণ পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর আবারো প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত ও বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১৮ হাজার ৮৬৫টি এনআইডি প্রস্তুত করে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।  

বর্তমানে বিশ্বের ১৪টি দেশে ২৪টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ আফ্রিকা।  

ইসি জানিয়েছে, এখন পর্যন্ত ৮২ হাজার ৯৭৬ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হওয়ার আবেদন করেছেন। এর মধ্যে ৩৯ হাজার ৭টি আবেদন অনুমোদিত, ১৮ হাজার ৪৫৪টি বাতিল, ৩ হাজার ৬৬টি তদন্তাধীন এবং ৫ হাজার ৩৯৮টি এনআইডি প্রিন্টের অপেক্ষায় রয়েছে।  

ঈদের পর নতুন করে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু হবে। মাঠ কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জর্ডান, বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স ও স্পেনে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।  

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দেশগুলোতে কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগের মতোই প্রবাসীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

এদিকে ১৬-১৭ বছর বয়সী নাগরিকদের জন্য স্মার্ট এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগে ১৮ বছর পূর্ণ না হলে স্মার্ট কার্ড দেওয়া হতো না। এখন চাহিদার ভিত্তিতে কম বয়সীদেরও স্মার্ট কার্ড দেওয়া হবে, বিশেষ করে বিদেশযাত্রার প্রয়োজন হলে।  

নিবন্ধন ফরমেও পরিবর্তন আসছে। ফরম-২-এ যুক্ত হচ্ছে ‘ডাকনাম’ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তির সুপারিশের ঘর। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, নাম সংশোধনের জটিলতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রোহিঙ্গা বা বিদেশি নাগরিকদের ভোটার হওয়া কঠিন হবে।

Logo