মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ৯ মার্চ জারি করা অফিস আদেশ অনুযায়ী, ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিয়ন্ত্রণকক্ষ কার্যকর থাকবে।
নিয়ন্ত্রণকক্ষটি স্থাপন করা হয়েছে ঢাকার ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের লিফট-৭ এ অবস্থিত প্রবাসী কল সেন্টারে। প্রবাসীরা জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ যোগাযোগ করতে পারবেন।
অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা তিন শিফটে দায়িত্ব পালন করবেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণকক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন। আর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল নিয়ন্ত্রণকক্ষের প্রধান কেন্দ্র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
কার্যপরিধি অনুযায়ী, নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে থাকা শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। এতে প্রবাসীদের সমস্যার দ্রুত সমাধান ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ন্ত্রণকক্ষ চালুর মাধ্যমে প্রবাসীরা সরাসরি তথ্য ও সহায়তা পাবেন। যুদ্ধ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা, কর্মসংস্থান এবং জরুরি প্রয়োজন মেটাতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।
logo-1-1740906910.png)