Logo
×

Follow Us

বাংলাদেশ

শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৭:০৭

শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স শারজাহ এবং আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এ সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে, যারা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য পরিবার ও পরিজনের সঙ্গে মিলিত হতে আগ্রহী। যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ফ্লাইট পরিচালনায় বিশ্বব্যাপী ফ্লাইট শিডিউল ওলটপালট হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানিয়েছে, শারজাহ রুটে ফ্লাইট শুরু হবে ১৩ মার্চ থেকে, যেখানে ঢাকা থেকে সপ্তাহে চার দিন শুক্রবার, রোববার, মঙ্গলবার ও বুধবার ফ্লাইট ছেড়ে যাবে রাত ৮টা ৪৫ মিনিটে। শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ফিরে আসবে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে।

আবুধাবি রুটে ফ্লাইট শুরু হবে ১৪ মার্চ থেকে। ঢাকা থেকে সরাসরি ফ্লাইট যাবে শনিবার ও বৃহস্পতিবার রাত ৫টা ৫০ মিনিটে এবং সোমবার চট্টগ্রাম হয়ে রাত ৩টা ৫৫ মিনিটে। চট্টগ্রাম থেকে আবুধাবি ফ্লাইট ছেড়ে যাবে সোমবার রাত ৫টা ৫০ মিনিটে এবং আবুধাবি থেকে ঢাকার ফ্লাইট ফিরবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।

ফ্লাইটগুলো পরিচালনা করা হবে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বর্তমান বিমান বহরে রয়েছে ৩টি এয়ারবাস, যার আসন সংখ্যা ৪৩৬টি এবং ৯টি বোয়িং যার আসন সংখ্যা ১৮৯টি। তাদের বহরে রয়েছে মোট ২৫টি বিমান।

ইউএস-বাংলা ইতোমধ্যেই ঢাকা থেকে দুবাই, জেদ্দা, রিয়াদ ও মাসকাট রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া খুব শিগগির দোহা রুটেও ফ্লাইট আবার চালু করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।

Logo