Logo
×

Follow Us

বাংলাদেশ

যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল, বিপাকে প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:০৬

যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল, বিপাকে প্রবাসীরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত আট দিনে ঢাকায় ২৬৮টি এবং চট্টগ্রামে ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। শনিবারই ঢাকায় ২০টি এবং চট্টগ্রামে ১২টি ফ্লাইট বাতিল হয়। এতে হাজারো যাত্রী বিপাকে পড়েছেন, বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।  

এ পরিস্থিতিতে প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য সরকার সহযোগিতা করবে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে।”  

৭ মার্চ সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট দেশের সরকারকে জানানো হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত খোঁজখবর নিচ্ছে এবং প্রধানমন্ত্রীও বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন।  

মন্ত্রী আরো বলেন, মণিপুরি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি সিলেটে বেড়ে যাওয়া ছিনতাইয়ের প্রসঙ্গ টেনে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে যারা, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।  

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকায় ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে, পরিচালিত হয়েছে ২১৪টি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একই সময়ে বাতিল হয়েছে ৮০টি ফ্লাইট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo