Logo
×

Follow Us

বাংলাদেশ

সাত দিনে মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৫২

সাত দিনে মধ্যপ্রাচ্যগামী ২৪৫ ফ্লাইট বাতিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে চলতি সপ্তাহে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সাত দিনে এসব ফ্লাইট বাতিল হয়। শুক্রবারও বিভিন্ন এয়ারলাইনসের অন্তত ৩৩টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।  

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিনই ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে।  

৬ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ৪টি, জাজিরার ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলার ৫টি, গালফ এয়ারের ২টি, বিমানের ২টি এবং এমিরেটসের ৪টি ফ্লাইট রয়েছে।  

সব মিলিয়ে সাত দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫টি। প্রতিটি ফ্লাইটে গড়ে প্রায় ২৫০ জন যাত্রী ভ্রমণ করতেন। ফলে কয়েক লাখ যাত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  

বাতিল হওয়া যাত্রীদের বড় অংশই প্রবাসী শ্রমিক, যারা ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় ছিলেন অথবা নতুন চাকরিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। হঠাৎ আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।  

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহে বড় ধাক্কা আসতে পারে। একই সঙ্গে ফ্লাইট বাতিলের কারণে ট্রাভেল ব্যবসায়ও বড় ক্ষতি হচ্ছে।

Logo