Logo
×

Follow Us

বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ মার্চ ২০২৬

বাহরাইনে নতুন প্রতারণা, সতর্ক থাকার নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ২১:০৪

বাহরাইনে নতুন প্রতারণা, সতর্ক থাকার নির্দেশনা

বাহরাইন

বাহরাইনে নতুন প্রতারণা, সতর্ক থাকার নির্দেশনা 

বাহরাইনে নতুন এক ধরনের প্রতারণা নিয়ে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। কিছু ব্যক্তি নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। দেশটির দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন এসব ব্যক্তি ল্যাপটপ, আঙুলের ছাপ নেওয়ার যন্ত্র এবং সরকারি নথির মতো দেখতে কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে বাসিন্দাদের দরজায় কড়া নাড়ছে। তারা দাবি করছে, তারা সরকারের পক্ষ থেকে জনগণের তথ্য যাচাই বা আদম শুমারি কার্যক্রম পরিচালনা করছে। এ সময় তারা বাসিন্দাদের কাছে পরিচয়পত্রের তথ্য, ছবি এবং আঙুলের ছাপ দেওয়ার অনুরোধ করছে। বিষয়টি সন্দেহজনক এবং এটি ব্যক্তিগত তথ্য চুরি বা প্রতারণার অংশ হতে পারে। এ ঘটনায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অপরিচিত কোনো ব্যক্তি সরকারি পরিচয় দিলে, তা যাচাই না করে কোনো ব্যক্তিগত তথ্য বা নথি না দেওয়ার জন্য অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান জোরদার

আমিরাতের শারজাহ পুলিশ ৯৫ জন অনৈতিক ভিক্ষুক ও রাস্তা থেকে অবৈধ বিক্রেতাকে গ্রেফতার করেছে। এই অভিযান ‘ভিক্ষা অপরাধ, আর সাহায্য দায়িত্ব’ স্লোগানে পরিচালিত একটি বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল সমাজে নিরাপত্তা বজায় রাখা এবং জনগণকে সচেতন করা। গ্রেফতারকৃতদের মধ্যে ৭৫ পুরুষ এবং ২০ নারী।এসব ভিক্ষুক কোন দেশের নাগরিক, সে সম্পর্কে কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, রমজানের সময় কিছু ব্যক্তি বাসিন্দাদের উদার মনোভাবের সুযোগ নিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের কাছে সমবেদনা জানিয়ে অর্থ দাবি করা হচ্ছে। শারজাহ পুলিশ অনুরোধ করেছে, ভিক্ষুকদের কাছে সরাসরি অর্থ না দিয়ে সরকারি অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে তাদের সাহায্য করতে। 


কাতার

কাতারে বিদ্যুৎকেন্দ্রের কাছে গাড়ি পার্কিং নয়

কাতারে বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি গাড়ি পার্ক না করতে নাগরিক, প্রবাসী ও বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির বিদ্যুৎ ও পানি সংস্থা কাহরামা কর্তৃপক্ষ। কাতার ট্রিবিউন এ খবর দিয়েছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, বিদ্যুৎ ও পানি স্টেশনের কাছে পার্কিং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাছাড়া এসব স্টেশন থেকে নাগরিক ও বাসিন্দাদের তাৎক্ষণিক দেওয়ার প্রয়োজন হয়। তখন গাড়ির পার্কিংয়ের কারণে যে কোনো প্রতিবন্ধকতায় সেবা প্রদানে দেরি হতে পারে। কাহরামা কর্তৃপক্ষ তাদের নির্দেশনায় আরো বলেছে, তাদের পরামর্শ ও নির্দেশনা সংস্থাটির নিরাপত্তা ও সুরক্ষা মান বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরিষেবাগুলোর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার অংশ। 


ওমান

অশালীনতার বিরুদ্ধে ওমানের কড়া বার্তা

ওমান সরকার দেশটিতে যে কোনো ধরনের অশালীন আচরণ ও পোশাকের বিষয়ে নতুন করে সতর্কতা জারি করেছে। মাসকাট ডেইলির খবরে বলা হয়েছে, উন্মুক্ত স্থান, রাস্তাঘাট, খোলা সড়কে যে কোনো প্রকার অশ্লীলতা, অশালীনতা দেশটির সামাজিক রীতিনীতি ও ঐতিহ্যের পরিপন্থি। এমনটি করলে তা হবে অপরাধ। যার শাস্তি সর্বোচ্চ তিন মাসের জেল, ৩০০ রিয়াল জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। ওমানের আইন এই বিষয়গুলো আমলে নিয়ে প্রবাসী ও ট্যুরিস্টদের দেশটিতে চলাফেরা করতে অনুরোধ করেছে। ।একই সাথে দেশটির আইন-কানুন, নিয়মনীতি ও সংস্কৃতি মেনে চলার অনুরোধ করা হয়েছে। 

Logo