মালয়েশিয়ার খবর ৬ মার্চ
মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এফবিআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৭:৪৮
শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জোবাইদুল আমিন নামে এক বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। পরে তাকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে বলে মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
মালয় মেইলের খবরে বলা হয়েছে, কেবল মালয়েশিয়ায় নয়, যুক্তরাষ্ট্রেও তার বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন ও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। গত ৪ মার্চ মালয়েশিয়া থেকে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
এ বিষয়ে এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, ২৮ বছর বয়সী বাংলাদেশি জোবাইদুল আমিন ২০২২ সাল থেকে আন্তর্জাতিক শিশু যৌন শোষণ চক্র পরিচালনার অভিযোগে ওয়ান্টেড ছিলেন। তিনি বলেন, অপরাধীরা যুক্তরাষ্ট্রে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, শিশুদের শোষণ থেকে রক্ষা করতে এফবিআই প্রতিশ্রুতিবদ্ধ।
কাশ প্যাটেল আরো জানান, আমিনকে মালয়েশিয়া থেকে আলাস্কায় স্থানান্তর করা হয়েছে, যেখানে তাকে আনুষ্ঠানিক অভিযোগের মুখোমুখি হতে হবে।
২০২২ সালের জুলাই মাসে আলাস্কায় তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরির ষড়যন্ত্র, তা গ্রহণ ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণের উদ্যোগ, সাইবার স্টকিং, পরিচয় চুরি এবং ওয়্যার জালিয়াতিসহ একাধিক অভিযোগ আনা হয়। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
এদিকে মালয়েশিয়ান কর্তৃপক্ষও ২০২২ সালের সেপ্টেম্বরে আমিনের বিরুদ্ধে দেশটিতে বসবাস ও একটি মেডিকেল স্কুলে পড়াশোনার সময় শিশু পর্নোগ্রাফি ধারণ ও তৈরির অভিযোগে ১৩টি মামলা দায়ের করেছিল।
logo-1-1740906910.png)