অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:০৩
অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। ৪ মার্চ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ বিষয়টি তুলে ধরেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর এবং রাষ্ট্রদূত পিটার ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেছেন। এসব অগ্রাধিকারের মধ্যে ছিল আমেরিকান ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ, অবৈধ অভিবাসন দমন কার্যক্রমে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা আরো গভীর করা।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, অবৈধ অভিবাসন শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে কার্যকর পদক্ষেপ নিতে হলে দুই দেশের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তারা বাংলাদেশি নাগরিকদের জন্য বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে বলেন, বাংলাদেশ সরকার অভিবাসন খাতে স্বচ্ছতা ও বৈধ প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ করছে। তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম এবং অর্থনৈতিক সহযোগিতা প্রসারিত করার বিষয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তারা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে।
logo-1-1740906910.png)