গত ৫ দিনে ঢাকা ও চট্টগ্রামের প্রায় দুই শতাধিক ফ্লাইট বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:০২
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত শনিবার থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিনে মোট ১৭৬টি ফ্লাইট বাতিল হয়েছে। শুধু বুধবারই বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।
ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট চালু হবে না। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাট রুটে ফ্লাইট চালু রয়েছে।
বিমানবন্দরে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী বাড়ির পথে ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ অনিশ্চয়তার মধ্যেই অপেক্ষা করছেন। তাদের অভিযোগ, ফ্লাইট কখন চালু হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হচ্ছে না। কারো নির্ধারিত সময়ের ফ্লাইট বাতিল হয়েছে, আবার নতুন ফ্লাইট শিডিউল করা হলেও সেটি যাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, ফলে তারা আরো বড় সংকটে পড়ছেন।
নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা জামাল হোসেনের আজ দুপুরে দাম্মাম যাওয়ার কথা ছিল। সকাল থেকে বিমানবন্দরে অপেক্ষা করলেও দুপুরে জানতে পারেন ফ্লাইট বাতিল হয়েছে। নতুন করে রাতে যাওয়ার কথা বলা হয়েছে, তাই তিনি অপেক্ষা করছেন। ভোলার রফিক মোল্লার ছেলে রাসেলও একই পরিস্থিতিতে পড়েছেন। তিনি বলেন, জীবিকার তাগিদে যেতে হচ্ছে, কফিলের নির্দেশে আজই যেতে হবে। ভিসা বাতিল হলে বড় ক্ষতি হবে, কারণ জায়গা-জমি বেচে ভিসা করেছেন।
মানিকগঞ্জের আফজাল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমান সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল। গতকাল দুপুরে ফ্লাইট বাতিল হওয়ার পর আজ দুপুরে নতুন সময় দেওয়া হলেও সেটিও বাতিল হয়। এখন তারা রাতের ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। ফেনীর নুরুল আবসারও একই সমস্যায় পড়েছেন। দাম্মামের ফ্লাইট বাতিল হওয়ায় তিনি বাধ্য হয়ে রিয়াদ হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
চট্টগ্রাম বিমানবন্দর থেকেও একই চিত্র দেখা যাচ্ছে। দুবাই, আবুধাবি ও শারজাহের এয়ারফিল্ড বন্ধ থাকায় আজকের ১১টি ফ্লাইটসহ মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা ও এয়ার অ্যারাবিয়ার একাধিক ফ্লাইট রয়েছে।
logo-1-1740906910.png)