মধ্যপ্রাচ্য সংঘাত; হুমকিতে শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১৯
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছেন মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে শ্রমবাজারে বড় ধরনের প্রভাব পড়বে এবং রেমিট্যান্স প্রবাহে ধাক্কা লাগবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট রেমিট্যান্সের প্রায় ৪৯ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের আটটি দেশ থেকে। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন শীর্ষে রয়েছে। সৌদি আরবে ২৫ লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন, যা থেকে আসে দেশের মোট রেমিট্যান্সের ১৫ শতাংশ। সংযুক্ত আরব আমিরাত থেকে আসে ১৩ শতাংশ, যেখানে কর্মরত আছেন ১২ লাখের বেশি শ্রমিক। কাতারে রয়েছেন প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি, যা থেকে আসে ৪ শতাংশ রেমিট্যান্স। ওমান থেকে আসে ৬ শতাংশ, আর বাহরাইন থেকে আসে ২ শতাংশ।
বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ১০ লাখ ডলার। প্রতিদিন গড়ে এসেছে ১০ কোটি ৭৯ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে। তবে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে এই প্রবৃদ্ধি থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোবারক উল্লাহ শিমুল বলেছেন, “যুদ্ধ দীর্ঘায়িত হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আমাদের শ্রমিকরা নিঃস্ব অবস্থায় দেশে ফিরবেন। রেমিট্যান্সে ভাটা পড়বে।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হটলাইন চালু করা এবং তাদের কাজের নিশ্চয়তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া জানিয়েছেন, ইতোমধ্যেই ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হটলাইন চালু করা হয়েছে। শ্রমিকদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, “যুদ্ধ দীর্ঘায়িত হলে শ্রমবাজারে প্রভাব পড়বে, এটা স্বাভাবিক। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।”
ইরান-ইসরায়েল সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকেই নয়, বাংলাদেশের অর্থনীতিকেও বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে। শ্রমবাজারে অস্থিরতা এবং রেমিট্যান্স প্রবাহে সম্ভাব্য ধাক্কা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
logo-1-1740906910.png)