প্রবাসীদের লাশ বহনে আরো দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬
প্রবাসীদের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বাড়ি পৌঁছে দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন করে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু করেছে। ২৪ ফেব্রুয়ারি ঢাকার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে এসব অ্যাম্বুলেন্সের যাত্রা উদ্বোধন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে তিনটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রবাসীদের লাশ পরিবহন করা হতো। নতুন দুটি যোগ হওয়ায় এখন মোট সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। মন্ত্রী অনুষ্ঠানে বলেন, প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুধু ঢাকা বিমানবন্দরে সীমাবদ্ধ থাকবে না; চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও এই সেবা সম্প্রসারিত করা হবে। তিনি এ উদ্যোগকে প্রবাসী পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণের অংশ হিসেবে উল্লেখ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর অনুষ্ঠানে বলেন, বিদেশে কর্মরত প্রবাসীদের পরিবার বহুদিন ধরে দাবি করে আসছিলেন যে লাশ ফেরত পাঠানোর সরকারি ব্যবস্থা থাকা উচিত। সরকারের এই উদ্যোগ তাদের সেই দাবি পূরণে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নেয়ামত উল্ল্যাহ ভূঁইয়া।
মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রিজিং অ্যাম্বুলেন্সগুলো লাশ সংরক্ষণ ও নিরাপদ পরিবহনের জন্য বিশেষভাবে সজ্জিত। এসব অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিমানবন্দর থেকে প্রবাসীদের লাশ দ্রুত ও মর্যাদাপূর্ণভাবে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। সরকারি এই সেবার ফলে প্রবাসী পরিবারগুলোকে আর অতিরিক্ত ব্যয় বা জটিলতার মুখোমুখি হতে হবে না বলে আশা করা হচ্ছে।
দেশে ও বিদেশে প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মন্ত্রণালয় বিভিন্ন সময় নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। লাশ ফেরত সেবার সম্প্রসারণও সেই ধারাবাহিকতার অংশ। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতে আরো বিমানবন্দর ও অঞ্চলে এই সেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের পরিবারও সহজে সুবিধা পায়।
logo-1-1740906910.png)