আমিরাতের শ্রমবাজার সচল করতে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৮
ছবি সংগৃহিত
দীর্ঘদিন ধরে একপ্রকার বন্ধ থাকা শ্রমবাজার খুলে দিতে আমিরাতের রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হমৌদি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য দেখা করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করেন।
পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে সে দেশে থাকার সুযোগ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করেন।
অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও শ্রমিক ভিসার কার্যক্রম দীর্ঘ সময় ধরে সীমিত বা স্থগিত রয়েছে দেশটিতে। বিশেষ করে গত বছর সেপ্টেম্বর থেকে আমিরাতে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া হচ্ছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন দেশে থাকা কর্মী ও আমিরাতে থাকা ব্যবসায়ীরা। তাছাড়া যারা পরিবার বা ব্যক্তিগত কাজের জন্য ইউএই যেতে চাইছেন, তারাও দীর্ঘ সময় অপেক্ষায় থাকছেন ও অনিশ্চয়তায় পড়েছেন।
এমন প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে বাংলাদেশিদের ভিসা সচল করে দিয়ে এই শ্রমবাজারে গতি আনার অনুরোধ করেন।
সৌজন্য এই সাক্ষাতে উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করতে এবং পারস্পরিক স্বার্থে মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
logo-1-1740906910.png)