বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ঘোষণা করেছেন, ঢাকা বিমানবন্দরকে প্রবাসীদের জন্য একটি কমফোর্ট জোনে পরিণত করা হবে। তিনি বলেন, প্রবাসীরা যেন দেশে ফেরার সময় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করেন, সে জন্য বিমানবন্দরকে আধুনিক ও ব্যবহারবান্ধব করে গড়ে তোলা হবে। একই সঙ্গে বিমানের টিকিট নিয়ে যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম মন্ত্রী হওয়ার পর এটাই ছিল তার নিজ জেলায় প্রথম পরিদর্শন। সকাল সাড়ে ১০টায় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, মানিকগঞ্জে বেশ কিছু ঐতিহ্যপূর্ণ স্থান রয়েছে। এর মধ্যে বালিয়াটি জমিদারবাড়ি ও তেওতা জমিদারবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এসব স্থাপনা সংস্কার ও উন্নয়নের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়ানো হবে।
মন্ত্রী আরো বলেন, মানিকগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত বিশাল যমুনা নদীকে পর্যটন-উপযোগী করার সম্ভাবনা খতিয়ে দেখা হবে। তিনি উল্লেখ করেন, এই নদীর প্রতি দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ রয়েছে। তাই নদীকে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তোলা গেলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং কর্মসংস্থানও বাড়বে।
আফরোজা খানম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাদের জন্য বিমানবন্দরকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে রূপান্তর করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ প্রবাসীদের আস্থা বাড়াবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
logo-1-1740906910.png)