হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, আসন্ন হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। হজের ক্ষেত্রে কেউ যদি বিন্দুমাত্র ব্যত্যয় ঘটান, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকার দ্বিধা করবে না। শুধু হজ নয়, সরকারি অন্যান্য কাজেও দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
২২ ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “ভালো অফিসার সাজা খুব সহজ। মন্ত্রী বা সচিবের হুকুম পালন করেই ভালো অফিসার সাজা সম্ভব। তবে এরূপ ভালো অফিসার সেজে অফিসের বা দেশের খুব একটা লাভ হয় না। আল্লাহর সন্তুষ্টি এবং বেতনকে হালাল করার জন্য আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যথাযথভাবে পালন করতে হবে। আমরা যদি সুন্দর ও সুষ্ঠুভাবে কাজ করতে পারি, দেশকে এগিয়ে নিতে পারি, তাহলে দায়িত্ব পালন সার্থক হবে।”
কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, “আপনাদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে কাজের মাধ্যমে। আপনারা যদি দেশ ও মন্ত্রণালয়ের জন্য ভালো কাজ করেন, তাহলে আমি খুশি হব। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আপনারা যদি এক পা এগিয়ে যান, আমি আপনাদের দিকে তিন পা এগিয়ে আসব।”
মন্ত্রী কর্মকর্তাদের ব্যক্তিগত সমস্যার কথাও তুলে ধরতে উৎসাহ দেন। তিনি বলেন, “আপনাদের কোনো অসুবিধা থাকলে সরাসরি আমাকে বলতে পারেন। আমরা পরামর্শ করে কাজ করব। আমি যদি কোনো কাজের আদেশ দিই আর সেটা আইনবিরোধী হয়, তাহলে আমাকে বলতে হবে। এতে আমি খুশি হব।”
সভায় ধর্ম মন্ত্রণালয়ের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় ধর্মসচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)